ঢাকা শহরকে আরও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে যেসব নাগরিক এবং প্রতিষ্ঠান বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন তাদের স্বীকৃতি দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ‘নাগরিক পদক-২০২৫’ প্রদানের উদ্যোগ নিয়েছে।
প্রথমবারের মতো ডিএনসিসি নাগরিক পদক প্রদান করতে যাচ্ছে। নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সেবা ও জনসচেতনতা বৃদ্ধিতে অবদান রাখা নাগরিক, প্রতিষ্ঠান ও সংগঠনকে এ পদক প্রদান করা হবে। ‘আমার শহর, আমার দায়িত্ব’ এই প্রতিপাদ্যকে সামনে একটি দায়িত্বশীল নাগরিক সমাজ গড়ে তুলতে ডিএনসিসি এ আয়োজন করেছে। এই পদকের অন্যতম লক্ষ্য হলো নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও অংশগ্রহণমূলক মনোভাব তৈরি করা।
নাগরিক পদক-২০২৫-এ ছয়টি বিভাগে ৩০ জন ব্যক্তি/প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হবে। ব্যক্তি উদ্যোগ থেকে শুরু করে সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্ষুদ্র ব্যবসা, মিডিয়া বা কনটেন্ট নির্মাতা এবং উদ্ভাবক বা স্টার্ট-আপ সব ক্ষেত্রেই যারা শহরের উন্নয়নে সৃজনশীল ও ইতিবাচক ভূমিকা রাখছেন, তারা মনোনীত হওয়ার সুযোগ পাবেন।